ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহী মহানগরীর হজের মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটির কার্যক্রম কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন ধরনের সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য মাস্তুল ফাউন্ডেশন সুষম খাদ্য, ওষুধ ও আর্থিক সহযোগিতা প্রদান করছে।
রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, কারাগারে থাকাকালীন তিনি পানির কষ্ট অনুভব করেছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট থাকেন।
আরও পড়ুন২ হাজার পরিবারের পাশে মাস্তুল ফাউন্ডেশন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সুবিধাভোগীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া টিউবওয়েল ও সেলাই মেশিন তুলে দেন মন্ত্রী।
উল্লেখ্য, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী মহানগরীতে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
মনির হোসেন মাহিন/এসজেডএইচ/এএসএম