এশিয়ান গেমসের জন্য জাতীয় দল এবং জুনিয়র এশিয়ান কাপের জন্য অনূর্ধ্ব-২০ দল এখন অনুশীলনে। অনুশীলনের মাঝে মাঝে দুই দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলারও ব্যবস্থা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে মাওলানা ভাসানী স্টেডিয়ামে হয়ে গেলে চতুর্থ ম্যাচটি।
জাতীয় দল তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও চতুর্থ ম্যাচে তাদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে হেরেছে ৪-৩ গোলে। জাতীয় দলের কোচিংয়ে আছেন পিটার গেরহার্ড ও অনূর্ধ্ব-২০ দলের কোচ জাইলস বোনেট। যুব দলের কোচ এই ম্যাচের পর বলেছেন, ‘খেলায় উন্নতি হয়েছে। তবে ফিনিশিংয়ে আমাদের আরো জোর দিতে হবে।’
যুব দলের কোচ বলেন, ‘খেলোয়াড়রা তাদের দায়িত্ব বুঝতে পারছে এবং দলের কাউন্টার-অ্যাটাকগুলো বেশ ভালো ছিল। এ ম্যাচে প্রতিপক্ষের চেয়ে অনূর্ধ্ব-২০ দলের সার্কেল এন্ট্রি বেশি ছিল এবং গোলে হিটের সংখ্যাও ছিল সমান। তবে এই সুযোগগুলো কাজে লাগিয়ে আরও গোল করা উচিত ছিল।’
ভবিষ্যৎ উন্নতির জায়গা হিসেবে কোচ জাইলস পেনাল্টি কর্নার এবং সার্কেল ফিনিশিংয়ের কথা উল্লেখ করেন। পাশাপশি, বেশ কিছু সাধারণ ভুল, বল টার্নওভার এবং সার্কেলের টপ পজিশনে প্রতিপক্ষকে পোস্টে হিটের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলোতে দ্রুত উন্নতি করার তাগিদ দিয়ে কোচ বলেছেন, ‘দলের বর্তমান কাঠামো আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। আমরা সঠিক পথেই আছি এবং দল প্রতিযোগিতামূলক মনোভাব দেখাচ্ছে। তবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি।’
শনিবার বিকালে দুই দল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম পঞ্চম প্রস্তুতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।
আরআই/আইএন