চট্টগ্রামের সীতাকুণ্ডে সালাউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সবুজকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার সবুজ মান্দারিতোলা এলাকার নুর সোলেমানের ছেলে।
শুক্রবার (১৪ আগস্ট) র্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে সীতাকুণ্ড থানার মান্দারিতোলা এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানার মামলা নম্বর-৬, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪, দণ্ডবিধি ১৮৬০-এর মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. সবুজ সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন।
এরপর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাত ৪টা ১০ মিনিটে মান্দারিতোলা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৭ এর একটি আভিযানিক দল। এ সময় মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. সবুজকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমএএইচ/