ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজারে ওরশ চলাকালে বিদ্যুতের শর্টসার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে মাজারের গ্লাস ভেঙে অন্তত ৮ জন মাজারভক্ত আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজারের মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কসবার কালিয়ারা গ্রামের হিরণ মিয়া (৫০), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তাতাইল চর এলাকার মো. ফরিদ গাজী (৫৫), ভৈরবের চন্ডিবের এলাকার নুরুল ইসলাম (৬২), বাজিতপুরের কৈলাক এলাকার মো. মঈন উদ্দিন (৬৫), কসবার ডাবুইর ঘর এলাকার মো. তারু মিয়া (৪৮) ও একই এলাকার মো. ইজু মিয়া (৪৫), নবীনগরের জসিম মিয়া (৬৫) ও মিন্টু মিয়া (৬০)।

পুলিশ ও মাজার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উরশ চলাকালে মসজিদের ভেতরে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট হয়। এতে উপস্থিত মাজারভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত বের হতে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করলে মাজারের গ্লাস ভেঙে ৮ জন আহত হন। ঘটনার পর মাজারে থাকা অস্থায়ী মেডিকেল টিম আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রাত ৯টার দিকে তাদের অ্যাম্বুলেন্সযোগে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শর্টসার্কিটের ঘটনায় মাজারভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় গ্লাস ভেঙে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর