চট্টগ্রামের পটিয়ায় ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানার চক্রশালা জুলুর দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

ঢাকায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ অস্ত্রধারী গ্রেফতার

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার চালান চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে চক্রশালা জুলুর দিঘীর পাড়ে এস এম কমিউনিটি সেন্টারের বিপরীতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন র‌্যাব সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে সবুজ রঙের একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টে এলে সেটিতে তল্লাশি চালানো হয়। এরপর অটোরিকশার পেছনের যাত্রী আসনে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. জাফর আলম (৩৫) এবং চাকবৈঠা এলাকার মো. ইসমাইল (২৬)।

আরও পড়ুন

মোহাম্মদপুরে বর্তমানে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই, দাবি র‌্যাবের

র‌্যাব জানায়, জাফর আলমের দুই পায়ে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি বান্ডেল পাওয়া যায়। সেগুলো খুলে মোট ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক দুজন ও জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/কেএসআর