ঢাকার শোয়ারিঘাট ও পোস্তগোলা ব্রিজ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শোয়ারিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে, পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন

নিষেধাজ্ঞার পরও অনলাইনে রমরমা জমজমের পানি বিক্রি

অন্যদিকে, শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আরও জানান, জব্দ করা পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

টিটি/এএমএ