বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি। আওয়ামী লীগ সরকার এতো ঋণ করে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে, যদি ঠিকমতো পরিকল্পনা না হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না পড়ে। তবে বাজেটের সুষ্ঠু বাস্তবায়নের জন্য জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
আরও পড়ুনমন্ত্রী ইকবাল হাসান / ‘গরিবের টেসলার’ কারণে মধ্যরাতেও রেকর্ড পরিমাণ বিদ্যুৎ চাহিদা থাকছে
এর আগে সিরাজগঞ্জ পৌরসভার আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্পট্রাকের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যুৎমন্ত্রী।
মতবিনিময় সভায় তিনি বলেন, ৩০ বছর আগে রাস্তা পরিষ্কারের এমন গাড়ি দেখেছিলাম। এভাবে রাস্তা পরিষ্কার হয়ে চকচক করার দৃশ্য তাকে আনন্দিত করতো। সেই পুরোনো স্মৃতির টানেই আজ তিনি ট্রাক চালিয়ে উদ্বোধন করেছেন।
পৌরসভার পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। কারণ, সরকারের প্রকৃত মালিক জনগণ।
এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মী ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
MAM
এম এ মালেক/এসআর