নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের হস্তক্ষেপে মাদরাসাপড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের কুড়ালদেও গ্রামে এ ঘটনা ঘটে।
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়ালদেও গ্রামের মো. মাজহারুল ইসলামের মাদরাসা পড়ুয়া কিশোরীর সঙ্গে একই ইউনিয়নের তিলসিন্দুর গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে মোজাম্মেল হকের (২৭) বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়েকে ঘিরে বাড়িতে প্যান্ডেল, মঞ্চ ও ডেকোরেশনের কাজও প্রায় শেষ করে ফেলেছিলেন পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে বরযাত্রী আসার কথা ছিল।
আরও পড়ুনহঠাৎ মানিকগঞ্জে সফরে হাসনাত আব্দুল্লাহ
এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম সেখানে উপস্থিত হন। পরে কনের বয়স যাচাই করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিশোরীর পরিবারের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না-এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে গ্রাম পুলিশের সহায়তায় বিয়ের জন্য তৈরি করা মঞ্চ ও ডেকোরেশন খুলে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বারহাট্টা উপজেলাকে বাল্যবিয়েমুক্ত রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।
তিনি আরও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
এইচ এম কামাল/এনএইচআর